- Channel52us - https://channel52us.com -

নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপি জোটকে অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করায় তারেক রহমান এর নেতৃত্বাধীন বিএনপি জোটকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে হেফাজতের কেন্দ্রীয় আমীর আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এই অভিনন্দন জানান।

হেফাজত নেতারা বলেন, দেশের জনগণের প্রত্যাশা ও গণরায়ের ভিত্তিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করায় তারেক রহমান ও বিএনপি জোটকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। একইসঙ্গে নির্বাচিত সকল সংসদ সদস্যদের প্রতিও জানানো হয় আন্তরিক অভিনন্দন। অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকেও ধন্যবাদ জানানো হয়। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।

রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহান নেয়ামত জানিয়ে তারা বলেন, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এক মহান নেয়ামত। তিনি যাদের ওপর দেশ শাসনের দায়িত্ব অর্পণ করেন, তাদের ওপর জনগণের হক আদায়ের গুরুদায়িত্বও ন্যস্ত হয়। রাষ্ট্র ক্ষমতা কোনো সম্মান লাভের উপায় নয়, বরং এটি একটি কঠিন আমানত। এই আমানতের জিম্মাদারি সঠিকভাবে পালন করা এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করা প্রত্যেক শাসকের প্রধান কর্তব্য।