প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজধানীর বনানীতে একটি ফ্রি অ্যানিমেল ক্লিনিকের উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও অ্যানিমেল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি ক্লিনিকটি ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাধীন অসুস্থ প্রাণীদের খোঁজ-খবর নেন।
সংগঠনের সদস্যরা জানান, ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’—এই স্লোগান সামনে রেখে দেশজুড়ে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে কাজ করছে। পাশাপাশি ঢাকায় আহত ও অসুস্থ প্রাণীদের জরুরি চিকিৎসাসেবায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিচালনা করছে সংগঠনটি।
তারা আশা প্রকাশ করেন, এই ফ্রি এনিমেল ক্লিনিকের মাধ্যমে প্রাণীদের চিকিৎসাসেবা সহজলভ্য হবে এবং মানুষ প্রাণী কল্যাণে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত হবে।