- Channel52us - https://channel52us.com -

ভোট দিয়ে বাসায় ফিরেই মারা গেলেন অভিনেতা তিনু করিম

ছোট পর্দার অভিনেতা তিনু করিম মারা (৪৬) গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বরিশালে গ্রামের বাড়িতে বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বন্ধু, অভিনেতা ও শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

তিনু করিম স্ত্রী হুমায়রা নওশিন ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

২৪ নভেম্বর থেকে চিকিৎসাধীন থাকার পর ৩ ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি বরিশালে নিজ বাসায় ফেরেন।

বৃহস্পতিবার সকালে ভোট দিতে কেন্দ্রে যান এই অভিনেতা। ভোট দিয়ে বাসায় ফেরার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

গত বছরের ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর তাঁকে ঢাকায় আনা হয়। পরে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে কেবিনে নেওয়া হয়। কিন্তু পরে রক্তচাপ ও সুগার লেভেল কমে গেলে তিনি জ্ঞান হারান। এরপর আবার আইসিইউতে নেওয়া হয় এবং ৩ ডিসেম্বর বিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়।

২৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৬ ডিসেম্বর তাঁকে আবার আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে গত ৩১ ডিসেম্বর কেবিনে দেওয়া হলে সেখান থেকে বাসায় ফেরেন তিনি।

দুই যুগ ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে তাঁর টেলিভিশন নাটকে অভিষেক ঘটে। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেন। একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপনের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান।