- Channel52us - https://channel52us.com -

মাদারীপুরের রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন

মাদারীপুরের রাজৈর উপজেলার একটি ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তি দ্রুত এসে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এতে কেন্দ্রের আশপাশে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিছু সময়ের মধ্যেই পরিবেশ স্বাভাবিক হয়ে আসে এবং ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক বলেন, খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, তবে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয়নি। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে।