লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মো. সোহাগ মিজি (৩২) নামের নিখোঁজ এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তা মাথা এলাকায় রেয়ার মাদ্রাসা–সংলগ্ন একটি পরিত্যক্ত বালুর মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত সোহাগ মিজি সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশার চালক ছিলেন। নির্বাচনের দিনের রাত থেকে নিখোঁজ সোহাগ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সোহাগকে হত্যা করে মরদেহ বালুর নিচে পুঁতে রাখে এবং তাঁর অটোরিকশাটি নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের দিন সকাল থেকে বিভিন্ন স্থানে ভাড়ায় অটোরিকশা চালান সোহাগ। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। গতকাল শুক্রবার দিনভর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাচ্ছিলেন না। আজ সকালে স্থানীয় লোকজন পাটোয়ারী রাস্তা মাথা এলাকায় রেয়ার মাদ্রাসার পাশের একটি পরিত্যক্ত বালুর মাঠে মাটিচাপা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।