- Channel52us - https://channel52us.com -

২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেল টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা

মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে মাথায় গুরুতর আহত টেকনাফের হোয়াইক্যংয়ের সেই শিশু হুজাইফা সুলতানা আফনান (৯) অবশেষে মারা গেছে। দীর্ঘ ২৭ দিন রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার সকালে বাড়িতে শিশুটির মৃত্যুর খবর আসলে স্বজন ও এলাকাবাসীর শোকে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আকস্মিক ছোড়া একটি গুলি হুজাইফার মাথায় লাগে। হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ জানান, ১০ জানুয়ারি রাতভর সীমান্তের ওপারে তীব্র গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। রোববার (১১ জানুয়ারি) সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় হুজাইফা বাড়ির বাইরে খেলতে বের হয়। ঠিক সেই মুহূর্তে আবারও সীমান্তের ওপারে গোলাগুলি শুরু হলে একটি গুলি এসে সরাসরি তার মাথায় বিদ্ধ হয়।

আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেদিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ জানিয়েছিলেন, হুজাইফার মস্তিষ্কে গুলিটি এমনভাবে প্রবেশ করেছিল যে অস্ত্রোপচার করেও সেটি বের করা সম্ভব হয়নি। জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই আজ তার জীবনপ্রদীপ নিভে যায়।