ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন রাজধানীর ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের অভিযোগে এক জামায়াত নেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মো. হাবিব সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান। তিনি জানান, হাবিবের কাছে নগদ টাকা পাওয়া গেছে।
তবে তার কাছ থেকে কত টাকা উদ্ধার হয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি ওসি।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ জানান, কিছু ব্যক্তিকে টাকা দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজন হাবিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই দিনের কারাদণ্ড দেন।
ডিসি আরও বলেন, দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে মো. হাবিব দাবি করেছেন, তিনি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের ‘চা-নাস্তার খরচ’ বাবদ খামে করে ৫০০ টাকা করে দিচ্ছিলেন। তবে নির্বাচন সংশ্লিষ্ট বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে তাকে দণ্ডিত করা হয়েছে।