তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহকে আরও এগিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান। প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা সংস্কৃতির বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। অতিথিদের স্বাগত জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের স্টার্টআপ খাতের বর্তমান অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। সফল উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন, পাশাপাশি শিক্ষার্থীরা স্টার্টআপ, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। এ ছাড়া নির্বাচিত কয়েকটি স্টার্টআপ প্রতিষ্ঠানের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চালু করা হবে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম। সরকারের ভাষ্য অনুযায়ী, এটি উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে কাজ করবে। প্রশিক্ষণ, মেন্টরিং, সরকারি সহায়তা, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের সংযোগ এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা এক প্ল্যাটফর্ম থেকেই পাওয়া যাবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়ে তোলা এবং প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান বাড়াতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের ধারণা বিকাশ থেকে শুরু করে ব্যবসা সম্প্রসারণ পর্যন্ত প্রতিটি ধাপে সহায়তা নিশ্চিত করতে একটি সমন্বিত জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেম তৈরির কাজ চলছে।
সরকারের ২০২৬ সালের নির্বাচনী অঙ্গীকারেও স্টার্টআপ খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই তহবিল নতুন উদ্যোগে বিনিয়োগ ও উদ্ভাবনী ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর দুপুর ১টা থেকে সাধারণ দর্শনার্থীদের জন্যও অনুষ্ঠানস্থল উন্মুক্ত থাকবে।
